জোন পরিদর্শনে ওয়াসার এমডি, গ্রাহক সেবায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২১:১৯
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান গ্রাহকদের অভিযোগের বিষয়ে সরেজমিন পরিদর্শন করেছেন।
শনি ও রোববার (১৯ ও ২০ এপ্রিল) তিনি মডস ও রাজস্ব ৩টি জোন পরিদর্শন করে গ্রাহকদের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
ব্যবস্থাপনা পরিচালক নিজে জোনাল নির্বাহী প্রকৌশলীর অফিসে বসে অভিযোগ রেজিস্ট্রার চেক করেন এবং গ্রাহকদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি কর্মকর্তাদের গ্রাহক অভিযোগের প্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে এবং প্রতি সপ্তাহে অভিযোগ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ সময় তিনি বিশেষভাবে নির্দেশ দেন যে, কোনো গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। পানি সংক্রান্ত যে কোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য প্রধান প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, গভীর নলকূপে যথাযথ রিসিউডাল ক্লোরিন ব্যবহারের বিষয়েও তিনি নিশ্চিত করতে বলেন।
ব্যবস্থাপনা পরিচালক গত ২ দিনে পুরান ঢাকাস্থ মডস ও রাজস্ব জোন-২, মিরপুর ১ বাংলা কলেজ সংলগ্ন মডস ও রাজস্ব জোন-০৪ এবং মডস ও রাজস্ব জোন-১০ পরিদর্শন করেন। তিনি উপস্থিত গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। গ্রাহকদের অভিযোগ জানাতে ওয়াসার অভিযোগ নাম্বার ১৬১৬২-তে যোগাযোগ করার পরামর্শ দেন।
মো. ফজলুর রহমান বলেন, পর্যায়ক্রমে ঢাকার ১০টি জোনের সবগুলো পরিদর্শন করবেন এবং গ্রাহকদের সুবিধার জন্য ওয়াসা সেবার মান আরও উন্নত করতে কাজ করবেন।
এইচকে/এমএইচএস

