Logo

রাজধানী

ঝটিকা মিছিলে অংশগ্রহণ : ছাত্রলীগের সদস্যসহ গ্রেপ্তার ১০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৪

অ
ঝটিকা মিছিলে অংশগ্রহণ : ছাত্রলীগের সদস্যসহ গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (২১ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- যুবলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ফয়সাল হোসেন রকি, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী, বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. চাঁন মিয়া, উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস, উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শিপন সরকার, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবু হানিফ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. তাওহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিন শিকদার।

ডিএমপির মুখপাত্র জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি। তারা সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত ছিলেন এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন