সিটি কলেজে হামলার অভিযোগ তুললেন অধ্যক্ষ, ২ দিনের ছুটি ঘোষণা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:২০
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা সিটি কলেজে পুনরায় হামলার ঘটনা ঘটেছে। কলেজের স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন।
মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি এই ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অধ্যক্ষ মোবারক হোসাইন বলেন, ‘সিটি কলেজ জাতীয় সম্পদ। এখানে শিক্ষার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার কারও নেই। ছাত্ররা নিজেদের মধ্যে মতবিরোধে জড়াতে পারে, তবে সেটির কারণে প্রতিষ্ঠানের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও জানান, রমজানের আগেও কলেজের ওপর একবার হামলা হয়েছিল। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনার পর নিরাপত্তা বিবেচনায় ঢাকা সিটি কলেজ আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে এখনো এ ঘটনায় কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এফএটি/এমআই

