Logo

রাজধানী

মিরপুরে চালু হলো ‘পুশ-বাটন’ ট্রাফিক সিগন্যাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:৩০

অ
মিরপুরে চালু হলো ‘পুশ-বাটন’ ট্রাফিক সিগন্যাল

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পথচারী-নির্ভর পুশ-বাটন ট্রাফিক সিগন্যাল। এখন থেকে রাস্তা পার হতে পথচারীদের হাতেই থাকবে ট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ।

বুধবার (২৩ এপ্রিল) থেকে চালু হওয়া এই প্রযুক্তিনির্ভর সিগন্যাল পদ্ধতি চালু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে। অর্থায়নে রয়েছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।

প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (DRSP)’-এর আওতায়। পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় সিস্টেমটি চালু হয়েছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সিগন্যাল ব্যবস্থা কার্যকর থাকবে। সপ্তাহের ছুটির দিন ব্যতীত প্রতিদিনই এই সুবিধা ব্যবহার করা যাবে।

রাস্তা পার হওয়ার সময় পথচারীরা একটি নির্ধারিত বোতামে চাপ দিলেই পরিবর্তন হবে ট্রাফিক সিগন্যাল। তখন সবুজ বাতি জ্বলে উঠবে এবং যানবাহন থেমে যাবে অন্তত ৩০ সেকেন্ড। এই সময়েই পথচারীরা নিরাপদে পার হতে পারবেন জেব্রা ক্রসিং দিয়ে।

প্রযুক্তিটির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরাও। তারা জানান, রাজধানীতে জেব্রা ক্রসিং বললেই এখন লোকে হাসে। কেউ মানে না। কিন্তু এই প্রযুক্তি যদি বাস্তবায়ন হয়, তাহলে মানুষ বাধ্য হবে নিয়ম মানতে।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর মোট ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন প্রযুক্তি বসানোর পরিকল্পনা রয়েছে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সারওয়ার আলম বলেন, এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তবে পুরো ঢাকা শহরজুড়ে প্রযুক্তিনির্ভর সিগন্যাল চালু করার পরিকল্পনা রয়েছে।

পথচারী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের বিভিন্ন সড়কে একহাজার ৯জন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশই প্রাণ হারান রাস্তা পার হওয়ার সময়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই প্রযুক্তি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে।

  • এফএটি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন