শিক্ষার্থী পারভেজ হত্যা : সেই দুই ছাত্রীর সন্ধানে র্যাব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১৯
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে ধরতে কাজ শুরু করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছেন র্যাব ১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দুই নারী শিক্ষার্থীকে আদালতে হাজির করার নির্দেশনাও রয়েছে। ওই দুই ছাত্রীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তথ্য সংগ্রহ করেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের ধরতে র্যাবের কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে আলোচিত এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে অন্যতম দুই আসামি মেহরাজ ইসলাম ও হৃদয় মিয়াজি।
এ দুজন হত্যার উদ্দেশে নাকি অন্য কোনো উদ্দেশে ঘটনাস্থলে গিয়েছিল এমন প্রশ্নের জবাবে র্যাব-১ এর অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন তাদের বন্ধু-বান্ধবরা ডেকেছেন এবং তারা সেখানে গিয়েছিলেন। হত্যার উদ্দেশে গিয়েছিলেন এটি এখনো স্বীকার করেনি। তবে পলাতক অন্য আসামিদের ধরে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা জানা যাবে। প্রভাব দেখাতে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রভাব দেখাতে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ছয় নম্বর আসামি এখনও পলাতক। তাকে ধরতে পারলে হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।
পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে র্যাব।
প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, প্রযুক্তিগত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রধান আসামি মেহেরাজ ইসলাম বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থান করছে। র্যাবের অভিযানিক দল বগুড়ায় তার গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রাখে।
পরবর্তীসময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, মেহেরাজ স্থান ত্যাগ করে গাইবান্ধায় অবস্থান করছে। এরপর র্যাব-১৩ এর সহযোগিতায় মামলা রুজু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে (২৩ এপ্রিল সন্ধ্যায়) গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ভবানীপুর এলাকা থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, মেহেরাজ গাইবান্ধায় তার মামা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন।
এদিকে, পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই ছাত্রীকে খুঁজে বের করতে বলেছেন আদালত। এ মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজির রিমান্ড শুনানিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ।
এনএমএম/এমআই

