কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী নিহত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে বিচারপতির বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে।
নিহতের নাম মো. জাহাঙ্গীর আলম সোহাগ (৪০)। তিনি আদম ব্যবসায়ী ছিলেন। সোহাগ কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুরচর পূর্বপাড়া গ্রামের মৃত মো. দছিজল হকের ছেলে। বর্তমানে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া জামতলা রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বড়ভাই শাহ আলম জানান, জাহাঙ্গীর ম্যানপাওয়ার ব্যবসায়ী। নয়াপল্টন চায়না বিল্ডিংয়ে তার অফিস। বিকেলে তিনি সংবাদ পান, তার ভাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে কাকরাইল সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলসহ চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এআই/এমজে

