Logo

রাজধানী

রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৫:১২

অ
রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীজুড়ে চলছে নানা ইস্যুতে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। একইদিনে তিন দফা দাবিতে রাজধানীতে লং মার্চে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে রাজধানীতে বিভিন্ন এলাকা স্লোগানে, মিছিলে আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ 

আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে এখনো মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি। এ অবস্থায় তাকে দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের সামনে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নগর ভবনের সামনে জড়ো হন। সেখানে তারা ‘ইশরাককে শপথ দিতে হবে’ ইত্যাদি স্লোগানে নগর ভবন এলাকা মুখর করে তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, সরকার যদি গড়িমসি করে, তবে আর অপেক্ষা নয়—জনগণ নিজেরাই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবে।

এর আগে, বুধবার (১৪ মে) একই দাবিতে নগর ভবনের ভেতরে-বাইরে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

সাম্য হত্যার প্রতিবাদ, বিক্ষোভ ছাত্রদলের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা যোগ দিয়েছেন। এ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 

আরও পড়ুন : ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, গ্রেপ্তার ৩ 

ছাত্রদল তাদের বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানও দিচ্ছেন তারা। এছাড়াও ‘খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতেও শোনা যায় সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতাদের। 

তিন দাবিতে লং মার্চে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দাবিতে লং মার্চ করেছেন শিক্ষার্থীরা। বেড়েই চলেছে শিক্ষার্থীদের পদচারণা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪টি বাসে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এসেছেন যমুনায়।

বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত কাকরাইল মোড়। দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, তারা বাস দিয়ে রাস্তা অবরোধ করেছেন।

পরে শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।

আরও পড়ুন : জবি শাটডাউন

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন