‘এজাজকে হিযবুত তাহরীরের সঙ্গে জড়ানো ভিত্তিহীন’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৫:৪৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজ, এমন অভিযোগ ওঠার পর তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি।
গণমাধ্যমে বিবৃতি দিয়ে ফারজানা ববি বলেন, এই অভিযোগগুলো মূলত তাদের পক্ষ থেকে এসেছে, যারা আগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী এবং যাদের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ সরব থেকেছেন।
মোহাম্মদ এজাজ একজন পরিচিত পরিবেশবাদী, লেখক ও বুদ্ধিজীবী হিসেবে গত ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরোধিতা, জলাধার দখল ও পানির বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্যতা, পানির অধিকার ও নদীনির্ভর মানুষের জীবিকার পক্ষে তার অবস্থান বিভিন্ন প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করেছে।
২০১৫ সালে এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনায় তাকে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত করার অপচেষ্টা চালানো হয়। অথচ তিনি সে ভবনে বাস করতেন না, এমনকি ঘটনার সঙ্গে কোনো সম্পর্কও ছিল না-শুধুমাত্র মালিকানার সূত্রে তার নাম জড়ানো হয়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে খালাস পান, যা তার নির্দোষিতার প্রমাণ।
মোহাম্মদ এজাজ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তিনি এ বিষয়ে লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন।
এনএমএম/এমআই

