যুবদল নেতা পরিচয়ে ৯ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৭
রাজধানীর উত্তরায় যুবদল নেতা পরিচয়ে এক ব্যক্তির বিরুদ্ধে ‘ব্যবসায়ীকে জিম্মি করে’ ৯ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন মাহবুবুর রহমান নামের ব্যবসায়ী। এতে অভিযুক্ত ব্যক্তির নাম শাকিল বলে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ৩০-৪০ জনকে সঙ্গে নিয়ে শাকিল উত্তরার এইচএম প্লাজার ১০ম তলায় ট্রাভেল এজেন্সি অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেন। তার এক আত্মীয় ট্রাভেল এজেন্সিটির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানের কাছে ৯ লাখ টাকা পান বলে তিনি দাবি করেন। অকথ্য ভাষায় গালাগালা করে দ্রুত টাকা দিতে বলেন। মাহবুবুর রহমান টাকা দিতে না চাইলে শাকিল হুমকি দিয়ে মারধরের চেষ্টা করেন। বাধ্য হয়ে ৩ লাখ টাকার তিনটি চেকে মোট ৯ লাখ টাকা তাকে লিখে দেন মাহবুবুর।
শাকিল নামে নিজেকে যুবদল নেতা পরিচয় দেওয়া ব্যক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম জানান, এই নামে যুবদলের কোনো নেতা নেই।
বিএনপি বা সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার দায় দল বহন করবে না উল্লেখ করে তিনি বলেন, বলেন, অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছে। এটি নিঃসন্দেহে অপরাধ। এসব যারা করছেন দায়ভার তাদেরই, দলের নয়।
ডিআর/এটিআর/এইচকে

