Logo

রাজধানী

ইশরাকের শপথ গ্রহণে আইনি জটিলতা, কর্মসূচি ঘিরে সীমাহীন ভোগান্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:১৪

অ
ইশরাকের শপথ গ্রহণে আইনি জটিলতা, কর্মসূচি ঘিরে সীমাহীন ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

শপথ পড়ানোর দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের সপ্তম দিনের অবস্থানে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। কাকরাইল, মৎস্য ভবন ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধের কারণে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে বাগড়া বসিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে এই ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ।

বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। শত শত মানুষ হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মোড় এবং যমুনার সামনে অবস্থান নেয়। বেলা ১১টার পর মৎস্য ভবন, কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেন ইশরাক হোসেনের সমর্থকরা। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছিলেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বুধবার বেলা ১১টার পর থেকে কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন হয়ে শাহবাগ-কাকরাইল, শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে কাকরাইল-প্রেসক্লাব, কাকরাইল চার্চ মোড় থেকে কাকরাইল মসজিদ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং মৎস্য ভবন হয়ে শাহবাগমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের এলাকার সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তৈরি হয় তীব্র যানজট।

গণপরিবহণের চালকরা বলেন, যে যেখানে গাড়ি নিয়ে আটকা পড়েছেন সেখানেই বসে আছেন। কোনো দিকেই যাওয়া যাচ্ছে না। ভাড়া ফেরত নিয়ে যাত্রীরা নেমে গেছেন।

সাধারণ মানুষ বলছেন, এই ভোগান্তি শুধুই জনগণের। সরকার ইশরাককে দায়িত্ব দিবে কি দিবে না সেটার জন্য জনগণকে কেন ভুগতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং হেয়ার রোড বন্ধ থাকায় যানবাহনকে বিকল্প সড়কে ঘুরিয়ে দিচ্ছেন তারা। এর প্রভাবে মগবাজার, কাকরাইল, শাহবাগ এলাকায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। কাকরাইল থেকে আসা গাড়িগুলোকে রাইট টার্ন করে মগবাজার ফ্লাইওভারে, মগবাজার থেকে আসা গাড়িগুলোকে লেফট টার্নে কাকরাইল মোড় ওইদিকে কদম ফোয়ারা থেকে প্রেসক্লাব হয়ে পল্টনের দিকে ঘুরিয়ে দিচ্ছি। আমরা রাস্তাটা সচল রাখার চেষ্টা করছি।  

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। মঙ্গলবার পর্যন্ত তারা ছিলেন নগর ভবনের সামনে। তারা ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। পাশাপাশি ডিএসসিসি এলাকার সব নাগরিক সেবা বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেয় ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলো।

এরমধ্যে আজ বুধবার বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় অবস্থান কর্মসূচি দীর্ঘ করে তারা। তারপর তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন। যদিও আদালতে আজও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তার শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন