সাম্য হত্যা
আজ সকাল-সন্ধ্যা শাহবাগে ছাত্রদলের অবস্থান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৮:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ (বৃহস্পতিবার, ২২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় ও ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্য হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে, সাম্য হত্যার ঘটনায় গতকাল ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রক্টর অফিসের সামনে ছাত্রদলের একদল শিক্ষার্থী অবস্থান করেছিলেন। একই সঙ্গে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রদল ও বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা ‘আর চাই না এনএসআইয়ের প্রক্টর’, ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২০ মে রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার কাজ করছে।
সাম্যর পিতা মো. ফকরুল আলমও গতকাল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্য হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করছে। আমরা সকল প্রকার রাজনীতির বাইরে থেকে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে চাই।

