Logo

রাজধানী

শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, যান চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৪:০৩

অ
শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, যান চলাচল বন্ধ

শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ছবি : বাংলাদেশের খবর

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ জুন) দুপুরে ১টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। তবে ব্যারিকেড ভেঙে তারা সড়কে অবস্থান নেন। ফলে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

প্রতিবাদকারীরা দাবি করছেন, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী সময়ের বিচারপ্রক্রিয়ায় অনেক নির্দোষ সদস্যও ভুক্তভোগী হয়েছেন। তারা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে অনেক সদস্য মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন।

তাদের উত্থাপিত তিনটি প্রধান দাবি হলো- 
১. চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণ : পিলখানাসহ দেশের বিভিন্ন বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত হওয়া সদস্যদের পূর্ণ রাষ্ট্রীয় সুবিধাসহ পুনর্বহাল এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. স্বাধীন তদন্ত কমিশন : পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। পাশাপাশি এর প্রজ্ঞাপনে থাকা ‘ব্যতীত’ শব্দ এবং ধারা ২(ঙ) বাতিল করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষ্যে সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিও তারা জানিয়েছেন।

৩. বিডিআর পুনঃনামকরণ ও পুনর্বাসন : ২০০৯ সালের ঘটনার পর যেসব সেনা কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তাদের পুনর্বাসনের দাবি জানানো হয়। সেই সঙ্গে ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) নামটি পুনরায় চালুর দাবিও তোলা হয়।

আন্দোলনকারীদের দাবি, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

একে/এইচকে/এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন