কেরানীগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭
ঢাকার কেরানীগঞ্জে ভুয়া দাতা সেজে অন্যের জমি বিক্রি করার সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্র্রি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ভুয়া দাতা মো. মিঠু, দলিলের সাক্ষী নুর মোহাম্মদ ও সহযোগী সাগর আহমেদ বাবু।
দক্ষিণ কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদ বলেন, ‘কুলমিরচর মৌজায় সিরাজ মিয়ার নামে থাকা ৫ শতাংশ জমি সাব-কবলা দলিল করতে সাব-রেজিস্ট্রার অফিসে আসেন মিঠুসহ অন্যরা। এ সময় মিঠু নিজেকে জমির মালিক মানে দাতা সিরাজ বলে পরিচয় দেন। সন্দেহ হওয়ায় কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একপর্যায়ে জানান, তার নাম মিঠু। সঙ্গে থাকা বাবুকে দেখিয়ে বলেন, বাবু টাকার প্রলোভন দেখিয়ে তাকে ভুয়া দাতা সাজিয়েছে। দলিলের সাক্ষীদাতা ছিলেন, বাবুর সহযোগী নুর মোহাম্মদ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে অফিসের কেরানি মোক্তার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দলিল লেখক ইকবাল হোসেন মিন্টুকে (দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক) শোকজ করা হয়েছে। আমার সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দলিল লেখক জড়িত বা এ কাজে সহযোগিতা করলে তাদেরও কঠিন শাস্তির আওতায় এনে ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বাতিল করা হবে।’
এরশাদ হোসেন/এমজে

