Logo

রাজধানী

রাজধানীতে র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

অ
রাজধানীতে র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর রমনার কাকরাইল মোড় এলাকায় র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মাইক্রোবাস ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন- সাজ্জাদ হোসেন (৩৫), কবির হোসেন (৫০), শরিফ (২৫), মনির হোসেন (৪০) ও হাবিবুর খন্দকার (৩৮)। এ সময় তাদের কাছ একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৪ ডিসেম্বর দুপুরে তাঁতীবাজরের রামের গদি নামক স্বর্ণালংকারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাড্ডার বাসার উদ্দেশে বংশাল চৌরাস্তা থেকে বাসে ওঠেন ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮)। বাসটি রমনার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেটসহ ‘র‌্যাব’ লেখা জ্যাকেট পরিহিত ১০ থেকে ১২ জন লোক বাসে উঠে নিজেদের র‌্যাবের সদস্য পরিচয় দেন। যাত্রীদের বলেন, এ গাড়িতে মামলার আসামি আছে। তাদের মধ্যে একজন সাইফুল ইসলামকে দেখালে অন্যরা তাকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে বাস থেকে নামিয়ে একটি সাদা মাইক্রোবাসে ওঠান। মাইক্রোবাসের মধ্যে তারা সাইফুল ইসলামের দুই হাতে পেছনে নিয়ে লাঠি দিয়ে আঘাত করেন এবং ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। একপর্যায়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে সঙ্গে থাকা ২৬ লাখ ১২ হাজার টাকা, মোবাইল ফোন, মানিব্যাগসহ ১০ হাজার টাকা, হাত ঘড়ি, প্যান্টে পরিহিত বেল্ট ছিনিয়ে নিয়ে দুই হাত ও চোখ বেঁধে ডেমরা এলাকার রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর সাইফুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা মডেল থানায় একটি ডাকাতির মামলা হয়। 

তিনি আরও জানান, মামলার পর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ইসিবি চত্বর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালক কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদ, শরিফ, মনির, হাবিবুর নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তালেবুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাহিনীর সদস্যের মতো চেইন অব কমান্ড মেনে ডাকাতি করে থাকেন। এক্ষেত্রে তারা নেতৃত্বস্থানীয় সদস্যদের ‘স্যার’ বলে সম্বোধন করেন ও সে অনুযায়ী ডাকাতির পর ভাগের টাকা নির্ধারণ করেন। তাদের এ দলের মোট সদস্য সংখ্যা প্রায় ১০ থেকে ১২ জন। যারা একেকটি ডাকাতির ঘটনায় বিভিন্ন ধাপে কাজ করে থাকেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মিঠু/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন