Logo

রাজধানী

দক্ষিণখানে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

অ
দক্ষিণখানে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

রাজধানীর দক্ষিণখান শহীদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির (৩৮) আহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের চালক। 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে ঘটনাটি ঘটে। নিহত মাসুম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে। তিনি দক্ষিনখান ময়নারটেকে থাকতেন। মাসুম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

নিহতের বন্ধু হাসিবুল কবির সজিব বলেন, সকালে দক্ষিনখান ময়নার টেকের বাসা থেকে সহকর্মীর মোটরসাইকেলের পেছনে পুবাইল উলখোলায় অফিসে (ডিপুতে) যাচ্ছিলেন। দক্ষিনখান শহীদনগর এলাকায় দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে দুজনই আহত হন।

পরে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় আহত ওয়াসির জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এইচবি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন