‘এক পায়ে’ স্মৃতিসৌধে জুলাইয়ে আহত কামরুল
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক পায়ে ভর করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত কামরুল হাসান।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন তিনি।
আহত কামরুল হাসান রাজধানীর রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা। তিনি গত ১৯ জুলাই বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় বিজিবির গুলিতে আহত হয়ে পা হারান।
-675feb898c6c4.jpg)
সাংবাদিকদের সাথে আলাপকালে কামরুল হাসান বলেন, ‘১৯ জুলাই শুক্রবার আমরা জুমার নামাজের পর ফরাজি হাসপাতালের পাশে ১০ মিনিটর মতো দাঁড়িয়ে ছিলাম। এ সময় আমাদের সামনে ৪২ থেকে ৪০ জনের মতো ছাত্র ভাইয়েরা গুলি খেয়ে আহত হয়েছে। এগুলো দেখার পর আমরা ছাত্র ভাইদের সাথে যোগ দিই। এ সময় আমরা এক থেকে দেড় ঘণ্টার মতো সেখানে দাঁড়াতে পেরেছি। এ সময়ের মধ্যেই আমার পায়ে গুলি লাগে।’
কারা গুলি করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিজিবি আমাকে গুলি করেছে। ছাত্র ভাইদের সাথে মেরাদিয়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় বিজিবির দুটি গাড়ি এসে সরাসরি গুলি করে। সে সময় অনেকে ছোটাছুটি করে পালিয়ে যায়। আমরা যে ৪/৫ জন যেতে পারিনি, তাদের পায়েই গুলি লাগে।’
-675febaa18aa9.jpg)
গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় দিবস সম্পর্কে কামরুল হাসান বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় দিবসে স্মৃতিসৌধে এসে অনেক ভালো লাগছে। আমরা যে সরকার পতনের জন্য আন্দোলন করেছি, তাতে আমরা সফল হয়েছি। সে জন্য আমাদের আরও ভালো লাগছে।’
এ সময় তার সাথে জুলাইয়ের গণঅভ্যুত্থানে পা হারানো আরও ৫/৬ জনসহ আহত অন্তত ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন।
হাসান ভুঁইয়া/এমজে

