Logo

রাজধানী

রাজধানীতে চলছে অভিন্ন দাবিতে ৭ দলের পৃথক কর্মসূচি, শুক্রবার বিভাগীয় শহরে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

রাজধানীতে চলছে অভিন্ন দাবিতে ৭ দলের পৃথক কর্মসূচি, শুক্রবার বিভাগীয় শহরে

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীতে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ব্যবস্থা চালু ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে।

এর আগে ও পরে অন্যান্য দলও একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করে। বিকেল ৪টায় নেজামে ইসলাম পার্টি একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করার ঘোষণা দেয়। আসরের নামাজের পর উত্তর গেটে পৃথক কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলগুলো জানিয়েছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, বিগত সরকারের সময়ে সংঘটিত গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার মতো প্রায় অভিন্ন দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে।

এছাড়া রাজধানী ছাড়াও, এসব দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ৭ দল। এর অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় শহরগুলোতে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন