Logo

রাজধানী

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ও গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ওলামা-মাশায়েখরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক দরকার। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং ক্ষয় হয়। কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা দিলে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে।

তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য আলেম নিয়োগ করা হোক। যাতে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে।

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমাদের দেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান। অথচ শিক্ষা ব্যবস্থায় সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। ফরজে আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কিন্তু তারা তা পালন করছে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে কিংবা গানের শিক্ষক নিয়োগ অব্যাহত রাখে, তবে আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

বিক্ষোভ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ বিক্ষোভে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ ঢাকার খবর প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন