Logo

রাজধানী

টঙ্গীতে অগ্নিকাণ্ড, ফায়ারফাইটার শামীমের জানাজা সম্পন্ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪

টঙ্গীতে অগ্নিকাণ্ড, ফায়ারফাইটার শামীমের জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে শামীম আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ফায়ারফাইটারদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রয়াত ফায়ারফাইটার শামীমের বড় ভাই। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

পরবর্তীতে মরহুমের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শৈশবের বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন ফায়ারফাইটার শামীম আহমেদ।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন