টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ারফাইটার নুরুল হুদার মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩
ছবি : সংগৃহীত
টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য নুরুল হুদা মারা গেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ২২ সেপ্টেম্বর শতভাগ দগ্ধ হন তিনি।
নুরুল হুদা (পি এন: ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। তার পিতা আব্দুল মনসুর ও মাতা শিরিনা খাতুন। তিনি বিবাহিত ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, দেশ ও জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গকারী এই ফায়ারফাইটারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এসআইবি/এএ

