প্রেমিকের সাথে দেখা করতে ঢাকায় এসে বিপদে কিশোরী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩
প্রেমিকের সাথে দেখা করতে হবিগঞ্জ থেকে রংপুর যাওয়ার পথে ঢাকায় এসে বিপদে পড়েন এক কিশোরী। তবে এক যাত্রীর সচেতনতা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী বাড়িতে না জানিয়ে প্রেমিকের সাথে দেখা করতে হবিগঞ্জ থেকে রংপুরগামী বাসে ওঠেন। তার পরিকল্পনা ছিল গাজীপুরে নেমে অন্য বাসে রংপুর যাওয়া। কিন্তু বাসে ঘুমিয়ে পড়ায় গাজীপুর নামতে না পেরে গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছান।
এ সময় সব যাত্রী বাস থেকে নেমে গেলেও কিশোরী ভেতরে থেকে যান। পরে বাসের স্টাফরা তাকে নানা প্রশ্ন করতে থাকেন। বিষয়টি দেখে এক যাত্রী ভোররাত প্রায় ৩টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে সম্ভাব্য বিপদের আশঙ্কার কথা জানান।
তাৎক্ষণিকভাবে কলটি গ্রহণ করেন কনস্টেবল সালমান এবং বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কিশোরীর অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়। তারা ঢাকায় পৌঁছালে কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এনএমএম/এমবি

