লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে লালবাগের আরএনডি রোডের (সোনালী ব্যাংক সংলগ্ন) জমজম টাওয়ারের ৬তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ সদরে। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় চাকরি করতেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানান, আরএনডি রোডের ২/১/এ নম্বর জমজম টাওয়ারের ষষ্ঠতলার বাসায় পরিবার নিয়ে থাকতেন নজরুল। পুলিশ শুক্রবার বিকেলে খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এটি হত্যা না আত্মঘাতী ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।’ নিহতের সঙ্গে বাসায় তার মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন। কিন্তু কেউই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
ডিআর/এমবি

