Logo

রাজধানী

রাজধানীর ৮৯ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

রাজধানীর ৮৯ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকায় এবার ২৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ৮৯টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

তিনি সতর্ক করে বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে কেউ দুষ্টুমি করলে আইনের আওতায় আনা হবে।’

শেখ সাজ্জাত আলী জানান, রাজধানীতে দুর্গাপূজার সময় পূজামণ্ডপগুলো ৪টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের কম্বাইন্ড নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ 

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতির জন্য সোয়াট টিম, এক্সক্লুসিভ রিকভারি ও বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। মণ্ডপগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও আলাদা ট্রাফিক ব্যবস্থা থাকবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও ২ হাজার ৪০০ ফোর্স মোতায়েন থাকবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশপাশে নজরদারি করা হবে। ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে সর্বোচ্চ ও সার্বক্ষণিক টহলসহ চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব এবং আইনের আওতায় আনব।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন