যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছেন। এর আগে একই ঘটনায় তার বাবা মো. তুহিন হোসেনও মারা যান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তানভীরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার তার বাবা তুহিন হোসেন (৩৮) ৪৭ শতাংশ দগ্ধ হয়ে এইচডিইউতে মারা যান।
এ ঘটনায় এখনো তানভীরের মা ইভা আক্তার (৩০) ও ছোট ভাই তাওহীদ (৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুরে তাদের বাসায় এ বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
এনএমএম/এমবি

