Logo

রাজধানী

রাজধানীর ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:৫৫

রাজধানীর ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে দুর্গাপূজা উপলক্ষে পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের সর্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনে বিজিবি মহাপরিচালকের সঙ্গে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা সারাদেশে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

বিজিবি জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য মাঠে কাজ করছে। ঢাকাসহ সারাদেশে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে তারা সর্বমোট ২,৮৭০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১৭টি পূজামণ্ডপ এবং সীমান্তের বাইরে ১ হাজার ৪৫৩টি পূজামণ্ডপ। এছাড়া রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য অঞ্চলে ৩১৮টি পূজামণ্ডপ বিজিবির নিয়ন্ত্রণাধীন।

অন্যদিকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন