দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:২১
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় তিনি এ পরিদর্শন করেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় মোট ২৫৪টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চাইলে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
আগামীকাল প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভক্তবৃন্দ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে বিসর্জন দিতে পারেন সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
তিনি এসময় ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এ সম্প্রীতি বিনষ্ট না হয়, সে দিকে সবার খেয়াল রাখতে হবে।’
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএমএম/এএ

