Logo

রাজধানী

মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৫১

মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রূপনগর এলাকার একটি পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে, আর তাদের খোঁজে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খবর পাওয়ার পর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যুক্ত হয়।

দুপুরের পর থেকে শিয়ালবাড়ি এলাকায় হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। নিখোঁজ স্বজনদের ছবি হাতে ছোটাছুটি করছেন অনেকে। ১৪ বছর বয়সী মাহিরার ছবি হাতে এদিক-ওদিক ছুটছিলেন তার মামা মো. শফিকুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ভাগ্নি মাহিরা কারখানার তিন তলায় কাজ করতো। আগুন লাগার পর থেকে তাকে খুঁজছি। হাসপাতাল, ফায়ার সার্ভিস কোথাও কোনো খোঁজ পাচ্ছি না।’

নিখোঁজ নারগিস আক্তারের বড় বোন লাইজু বেগম বলেন, ‘সকাল পৌনে ৮টায় কাজে যায় বোন। আগুন লাগার খবর পাই বেলা সাড়ে ১১টায়। তখন থেকেই খুঁজছি, এখনো কোনো খোঁজ নেই।’

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ভয়াবহতা দেখে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা। এছাড়া আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা মানবিক সহায়তায় অংশ নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘গোডাউনে বিভিন্ন দাহ্য রাসায়নিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঝুঁকির কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।’

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষকে আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার অনুরোধ জানানো হয়েছে। তাজুল ইসলাম বলেন, ‘কেমিক্যাল বিস্ফোরণের আশঙ্কা থাকায় কাছাকাছি থাকা অত্যন্ত বিপজ্জনক। তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে দুর্গত এলাকা ঘিরে রাখে এবং জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। নিখোঁজদের খোঁজে স্বজনদের কান্না, পুলিশের তৎপরতা, উদ্ধারকর্মীদের নিরলস পরিশ্রম—সব মিলিয়ে শিয়ালবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া। 

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন