Logo

রাজধানী

রাজধানীর ফরচুন শপিং মল থেকে ১৯০ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

রাজধানীর ফরচুন শপিং মল থেকে ১৯০ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

অভিযান চালিয়ে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া প্রায় ১৯০ ভরি স্বর্ণালংকার, ৯৩.৫ গ্রাম রুপা, নগদ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।

ডিবি সূত্র জানায়, গত ৮ অক্টোবর রাতের আঁধারে ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’-এ সংঘটিত হয় দুঃসাহসিক এ চুরি। ঘটনার পরপরই রমনা থানায় মামলা দায়ের হয় এবং ডিবির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, আসামিরা গত ৩ মাস ধরে চুরির পরিকল্পনা করে মার্কেটের পেছন দিক থেকে প্রবেশের পথ তৈরি করে। তারা পূর্বে হাতুড়ি, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম টিনের চালের নিচে লুকিয়ে রাখে। চুরির রাতে, বোরকা পরে বাথরুমের জানালা কেটে শপিং মলে ঢুকে শম্পা জুয়েলার্স থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

পালানোর সময় ব্যবহৃত বোরকা ও সরঞ্জাম তারা গণপূর্ত কোয়ার্টারের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় বলে জানায় পুলিশ।

প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতাব্বরকে (১৬ অক্টোবর) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিলে তার বাড়ির গোয়ালঘর থেকে ১২১.০৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

এরপর বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে অনিতা রায়ের কাছ থেকে ৫২.৮১ ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবি।

পরবর্তী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল ও ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

সবশেষে শাখারী বাজার থেকে উত্তম চন্দ্র সুরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩.৬৭ ভরি স্বর্ণ ও ৯৩.৫ গ্রাম রৌপ্য।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এই অভিযানের মাধ্যমে একটি সংঘবদ্ধ চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন