জুলাই সনদ ইস্যুতে প্রতিবাদ, হাসপাতালে ১০ ‘জুলাইযোদ্ধা’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:৫৫
ছবি : সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে মতানৈক্যের জেরে সৃষ্ট প্রতিবাদে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ১০ জন জুলাইযোদ্ধাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে কেওই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে অভিমত কর্তব্যরত চিকিৎসকদের।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
আহতদের মধ্যে রয়েছেন— সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
এর আগে দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষরের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন জুলাই যোদ্ধারা। তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অভিমুখে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়।
তার আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৫ শতাধিক জুলাই যোদ্ধা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশ করেন। তাদের অভিযোগ, জুলাই সনদ প্রণয়নে আমাদের অংশগ্রহণ ছিল না, সনদে আইনি ভিত্তি নেই এবং এটি আমাদের স্বীকৃতিকে খর্ব করছে।
রাজধানীর উত্তরা থেকে এসে বিক্ষোভে যোগ দেওয়া আতিকুল গাজী বলেন, ‘জুলাই সনদে আমাদের মতামত নেওয়া হয়নি, তাই আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে, আমরা কেউ কেউ পড়ে যাই, কেউ আহত হই।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘দুপুরের (শুক্রবার) পর আহত ১০ জনকে জরুরি বিভাগে আনা হয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, গুরুতর কেউ নয়।
এনএমএম/এএ

