‘সাবেক সরকারের দুষ্টু নেতাদের কারণে বেড়েছে সন্ত্রাস’
প্রতিরোধে ছাত্র-জনতার বিশেষ অভিযান
তানাজা আফরিন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২৮
প্রতীকী ছবি
রাজধানী ঢাকায় বেড়েছে ছিনতাই ও খুনের ঘটনা। সম্প্রতি অস্বাভাবিক হারে ছিনতাই-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে চলছে ছিনতাই-ডাকাতির মত ঘটনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন এলাকাবাসী। সাবেক সরকারের কিছু দুষ্টু নেতা এসব অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জানিয়েছে, গত সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরেই ২১টি খুনের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে এই সংখ্যা আরও অনেক বেশি। অভিজাতপাড়া থেকে শুরু করে নগরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক, এমনকি অলিগলিতেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ।
ভয়াবহ এই পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করতে বিশেষ অভিযান শুরু করেছে ছাত্র-জনতা। সেইফ বিডি নামে একটি টিম গঠন করে গত ৩১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে তারা।
সেইফ বিডির সভাপতি জাহাঙ্গীর পাবেল বাংলাদেশের খবরকে বলেন, জনমনে সাহস বাড়াতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতিটি এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন, হাউসিং কমিটি গঠনসহ র্যালি করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কিছু দুষ্টু নেতা থাকেন যারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরেন। সেই প্রেক্ষিতে এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে সাবেক সরকারের প্রকাশ্যে-অপ্রকাশ্যে কিছু সংযোগ ছিল। তারাই মূলত এই অস্থিরতা সৃষ্টি করেছে। ’
তিনি আরও বলেন , ‘বিগত ১৬ বছরে একটা ভিন্ন পরিস্থিতি ছিল। সে পরিস্থিতিতে অনেক কিছু করা সম্ভব হয়নি। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তারা সন্ত্রাস নির্মূল করতে চায়। বিশ্বব্যাপী পাবলিক-পুলিশ পার্টনারশিপে সার্ভিস দেওয়ার একটি ট্রেন্ড চালু আছে। যা বাংলাদেশে আগে থাকলেও তুলনামূলক কম ছিল। তবে গত সাত দিনে সন্ত্রাসী হামলা অনেকটাই কমেছে।’
টিএ/এমআই/এমএইচএস

