Logo

রাজধানী

শাহজালাল বিমানবন্দরের আগুন এখনো জ্বলছে, আহত ২৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:১৩

শাহজালাল বিমানবন্দরের আগুন এখনো জ্বলছে, আহত ২৫

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুন সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ সেনাবাহিনী, বিমান বাহিনী ও আনসার সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সন্ধ্যা ৬টা পর্যন্তও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।

বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে থাকা বিভিন্ন কোম্পানির কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া আনসার বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আনসার বাহিনীর উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন জানান, প্রাথমিক পর্যায়ে আগুন দেখতে পেয়ে আনসার সদস্যরা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আগুন নেভানোর অগ্রগতি ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, তবে সম্পূর্ণভাবে নিভেনি। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন