Logo

রাজধানী

অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:০৭

অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন

ছবি : সংগৃহীত

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে সরকার। এসব ঘটনার কারণ ও দায় নির্ধারণে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির নেতৃত্বে ৭ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে সাত সদস্যের এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, পুলিশ, এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৪ জন করা হতে পারে। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফারুক-ই-আজম বলেন, ‘সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কোনো উপাদান ছিল কিনা কিংবা আগুন আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যেতো কিনা—সব দিকেই তদন্ত হবে। আগুন লাগার ঘটনার পেছনে কোনো পরিকল্পিত তৎপরতা ছিল কিনা, অথবা সরকারি প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা বা প্রযুক্তিগত অক্ষমতা রয়েছে কিনা—সেটিও কমিটি যাচাই করবে, বলেন উপদেষ্টা।

তিনি আরও জানান, আগুন লাগার ক্ষেত্রে কারিগরি ঘাটতি, ফায়ার সেফটি ব্যবস্থার কার্যকারিতা এবং ফায়ার সার্ভিসের প্রতিক্রিয়া সময়—সবকিছুই তদন্তের আওতায় আসবে।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ৭ ঘণ্টা পর, তবে সম্পূর্ণ নির্বাপনে সময় লাগে প্রায় ২৭ ঘণ্টা। আগুনের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া, গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে; টানা ১৭ ঘণ্টা জ্বলতে থাকে, একই রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়, তারও আগে ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ’সিভিল এভিয়েশনে ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না। এসব ঘটনায় সরকারের কারিগরি ঘাটতি আছে কিনা, তা-ও তদন্তের মাধ্যমে জানা যাবে।’ 

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন