Logo

রাজধানী

‘ভোজ্যতেলে ভিটামিন ঘাটতি উদ্বেগজনক’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:১৪

‘ভোজ্যতেলে ভিটামিন ঘাটতি উদ্বেগজনক’

ছবি : বাংলাদেশের খবর

দেশে ভোজ্যতেলে ভিটামিন ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও আলোচকরা। তারা বলেন, খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ ও গুণগত প্যাকেজিং বাধ্যতামূলক করা এখন জরুরি। খোলা তেল বিক্রি সরকারি নির্দেশনার লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল : অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই মত দেন বক্তারা। 

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক এতে অংশ নেন।

আলোচকরা জানান, দেশে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করার আইন থাকলেও বাজারে বিক্রি হওয়া তেলের বেশিরভাগই ভিটামিনবিহীন বা পর্যাপ্ত নয়। আইসিডিডিআর, বি-এর এক গবেষণায় দেখা গেছে, বাজারে বিক্রি হওয়া মোট ভোজ্যতেলের প্রায় ৬৫ শতাংশ ড্রামে বিক্রি হয়, যার মধ্যে ৫৯ শতাংশ তেলে কোনো ভিটামিন ‘এ’ নেই, আর মাত্র ৭ শতাংশ তেলে আইন অনুযায়ী পর্যাপ্ত ভিটামিন পাওয়া গেছে। এতে শিশুদের মধ্যে ভিটামিন ঘাটতি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

বক্তারা আরও বলেন, এসব খোলা ড্রাম অনেক সময় পূর্বে রাসায়নিক বা শিল্পপণ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়, যা তেলকে দূষিত করে এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এছাড়া এসব ড্রামে উৎস ও মান সম্পর্কিত কোনো তথ্য না থাকায় তেলের গুণগত মান যাচাই করা যায় না।

তারা জানান, সরকার ২০২২ সালের জুলাই থেকে খোলা সয়াবিন তেল এবং ডিসেম্বর থেকে খোলা পাম তেল বিক্রি নিষিদ্ধ করলেও মাঠপর্যায়ে তা কার্যকর হয়নি। এ অবস্থায় তাঁরা শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপের দাবি জানান।

কর্মশালায় বক্তারা সতর্ক করেন, সাম্প্রতিক সময়ে ভিটামিন ‘ডি’-এর ঘাটতিও উদ্বেগজনকভাবে বেড়েছে। তাই ভোজ্যতেলে ভিটামিন ‘এ’-এর পাশাপাশি ভিটামিন ‘ডি’ সংযোজনের সুপারিশ করেন তারা, যা একটি কার্যকর, স্বল্পব্যয়ী ও টেকসই জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, সূর্যালোক বা অতিরিক্ত আলোর সংস্পর্শে ভিটামিন নষ্ট হয়ে যায়, তাই তেল আলো প্রতিরোধী অস্বচ্ছ বোতলে সংরক্ষণ করা জরুরি। দেশে ভোজ্যতেল মোড়কজাতকরণে গুণগত প্যাকেজিংয়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে তারা মত দেন।

বক্তারা আরও উল্লেখ করেন, ভিটামিন ‘এ’-এর ঘাটতি শিশুদের অন্ধত্ব এবং গর্ভবতী নারীদের মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়; আর ভিটামিন ‘ডি’-এর অভাবে রিকেটস, হাড়ক্ষয় ও হৃদরোগসহ নানান অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট মুশতাক হাসান মুহ. ইফতিখার, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডা. আলিভা হক এবং প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

  • এসআইবি/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন