ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০১
রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওয়ারী থানাধীন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তাদের মধ্যে দুইজন দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ রোগীকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের মধ্যে কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের প্রায় ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধসহ মোট আটজনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে। দগ্ধ দুইজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ডিআর/এমবি

