ভোটের দিন চলবে মেট্রোরেল, থাকবে অতিরিক্ত ট্রেনও
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটিতে রাজধানীবাসীর যাতায়াত স্বাভাবিক রাখতে মেট্রোরেল চলাচল বন্ধ হচ্ছে না। নির্বাচনকালীন সময়েও মেট্রো ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ছুটির দিনগুলোতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ভোটের দিন যাত্রীচাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেনও চালানো হবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যক নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ডিআর/এমবি

