রাজধানীতে দুই দিনব্যাপী পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১২
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ইকোস অব দ্য আর্থ : ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’র যৌথভাবে এ আয়োজন করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হচ্ছে। আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে।’
‘ধরা’র সদস্য সচিব শরীফ জামিল বলেন, ‘একটি ছবি পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরতে পারে। ঢাকার চারপাশের নদীগুলো এখন আর নদী নেই।’
‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’—এই দুটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় জমা পড়া ১ হাজার ৫০০টি ছবির মধ্যে থেকে ৩৫টি নির্বাচিত হয়।
পুরস্কার বিজয়ীদের মধ্যে জ্বালানি বিভাগে প্রথম পুরস্কার পান মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডি নিউজ ২৪)। পরিবেশ বিভাগে প্রথম হন মামুনুর রশীদ (দৈনিক সমকাল)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এই প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এআরএস

