ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬
রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছেন স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই দোকানে বসে ভোটারদের টাকা দিচ্ছিলেন মো. হাবিব। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন এবং প্রশাসনকে খবর দেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার পর স্থানীয়রা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।
এসএসকে/

