Logo

রাজধানী

ঢাকা-৬

কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন ভোটাররা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫

কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন ভোটাররা

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-৬ আসনের অন্তত সাতটি কেন্দ্র ঘুরে ভোটারদের কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের পথ ও কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন তারা।

এদিন সকাল ৮টায় কসমোপলিটান ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০ জনের বেশি মানুষের লাইন দেখা যায়। সকাল ৯টার দিকে একই চিত্র লক্ষ্য করা যায় বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াদ হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটার এখানে তুলনামূলক কম। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল ও সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন তুলনামূলক কম। বিভিন্ন কেন্দ্রে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ভোটার হাফিজুর রহমান বলেন, ‘সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, পরিবেশ ভালো আছে। কোনো সমস্যা হয়নি।’

সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে আমরা ভোটগ্রহণ শুরু করেছি। খুব সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।

জেএন/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর