Logo

রাজধানী

ভোট দিয়ে উচ্ছ্বসিত ঢাকা-৬ আসনের নারীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩

ভোট দিয়ে উচ্ছ্বসিত ঢাকা-৬ আসনের নারীরা

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের লাইন। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পুরান ঢাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ সন্তান সঙ্গে নিয়ে, কেউ স্বামী কিংবা প্রতিবেশীদের সঙ্গে দল বেঁধে কেন্দ্রে এসেছেন। ভোট প্রদান শেষে তাদের মধ্যে স্বস্তির হাসি, স্পষ্ট উচ্ছ্বাস ও নিজের ভোট নিজে দেওয়ার আনন্দ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁদের মধ্যে ছিল না কোনো বিরক্তি; বরং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার অভিজ্ঞতাই যেন তাদের কাছে বড় প্রাপ্তি।

সূত্রাপুরের বাসিন্দা বিথী রাণী বলেন, ‘জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছি। খুব ভালো লাগছে।’

গেন্ডারিয়া থেকে ভোট দিতে আসা আয়েশা বানু সরকারি কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমরা আগে এতটা গুরুত্ব দিয়ে ভোট দিতে পারতাম না। এখন নিজের সিদ্ধান্ত নিজে দিতে পারছি, এটাই সবচেয়ে বড় বিষয়।’

লক্ষ্মীবাজারের বাসিন্দা সামিরা বেগম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে এসে তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। এতদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

নির্বাচন কর্মকর্তারা জানান, নারী ভোটারদের উপস্থিতি আশানুরূপ এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটগ্রহণ সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, যার মধ্যে নারী ভোটারই বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।’

পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিবুল ইসলাম বলেন, ‘সকাল থেকে উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

প্রসঙ্গত, জাতীয় সংসদের ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ (মাছ), বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদের মো. ফখরুল ইসলামও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর