ছবি : বাংলাদেশের খবর
উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। বিভিন্ন কেন্দ্রের তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত ৫ থেকে ১৫ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে।
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৭৩৭ জন ভোটারের জন্য নির্ধারিত ৬টি বুথে বেলা ১১টা পর্যন্ত ১৩৭টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৫ শতাংশ। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিবুল ইসলাম বলেন, ‘সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।’ এই কেন্দ্রে ভোট দিতে আসা শাঁখারীবাজারের বাসিন্দা গুর কৃষ্ণ সেন বলেন, ‘পরিবেশ খুব ভালো, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।’
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ৩ হাজার ৭৮ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে (প্রায় ৯ শতাংশ)। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ভোটগ্রহণ স্বাভাবিক গতিতে চলছে এবং দুপুরের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশাবাদী। এখানে ভোট দিতে আসা লক্ষ্মীবাজারের বাসিন্দা লায়লা আক্তার লিপি, যিনি দীর্ঘদিন ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন, আবেগপ্লুত হয়ে বলেন, ‘অনেক দিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’
সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটার উপস্থিতির হার বেশ সন্তোষজনক। এই বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ২৯৪১ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৭০ জন (১১.২০ শতাংশ) ভোট দিয়েছেন। অন্যদিকে পুরুষ কেন্দ্রে ৩২০৪ ভোটারের মধ্যে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩০০টি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জানান, শুরুর দিকে ভিড় বেশি থাকলেও মাঝে কিছুটা কমেছিল, তবে এখন আবার ভোটার বাড়তে শুরু করেছে।
গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতির হার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এখানে একটি কেন্দ্রে ৪২৩৩ জন ভোটারের বিপরীতে ২২.৫১ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি নারী কেন্দ্রে ৪৪১১ জন ভোটারের মধ্যে ৬৬০ জন ভোট দিয়েছেন, যা প্রায় ১৫ শতাংশ। প্রিজাইডিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান তুষার বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট চলছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের সারি আরও দীর্ঘ হচ্ছে।’
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। নির্বাচনে এ আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (ধানের শীষ), জামায়াত জোটের মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) এবং জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ ডালু (লাঙ্গল)। এ ছাড়া গণঅধিকার পরিষদসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেএন/এমএইচএস

