Logo

রাজধানী

দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশায় ভোটকেন্দ্রে ৯০ বছরের মনোয়ারা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫

দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশায় ভোটকেন্দ্রে ৯০ বছরের মনোয়ারা

ছবি : বাংলাদেশের খবর

শরীরের অসুস্থতা আর বয়সের ভার কোনোটিই দমাতে পারেনি ৯০ বছর বয়সী মনোয়ারা বেগমকে। দেশের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচনের তাগিদে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দিতে রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হাজির হন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের এই বাসিন্দা।

সকাল সকালে মেয়ে নাহিদা আক্তার সিলভি ও নাতিকে সঙ্গে নিয়ে কেন্দ্রে আসেন তিনি। গত নির্বাচনে ভোট দিতে পারেননি জানিয়ে মনোয়ারা বেগম বলেন, ‘গতবার আসতে পারিনি, তাই এবার সকালেই চলে এসেছি। দেশে দুর্নীতি যে হারে বেড়েছে, সেখান থেকে দেশকে সামনে এগিয়ে নিতে পারে এমন যোগ্য নেতৃত্ব চাই।’

মেয়ে সিলভি মায়ের এই প্রবল আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘ভোট দেওয়ার জন্য মা এতটাই উদগ্রীব ছিলেন যে আমরা উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। আমিও খুব উচ্ছ্বসিত ছিলাম, তাই সকাল সকাল মাকে নিয়ে চলে এসেছি।’

সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গিয়াসউদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ১ হাজার ৯১২ জন ভোটারের মধ্যে প্রথম ঘণ্টায় প্রায় ১০০টি ভোট পড়েছে। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। নির্বাচনে এ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (ধানের শীষ), জামায়াত জোটের মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) ও জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ ডালুসহ (লাঙ্গল) মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট ঢাকার খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর