ঢাকা-৯ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রশিদকে ডিএমএফের শুভেচ্ছা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬
ঢাকা-৯ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুর রশিদ হাবিব ডিএমএফের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ডিএমএফের সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, স্বাস্থ্য খাত ও গণমানুষের উন্নয়ন সংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে। সংগঠনের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমএফের প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, উপ-দপ্তর সম্পাদক মিঠুন, সদস্য রুহুল আমিন ও আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএইচএস

