Logo

রাজধানী

এমপি ও মন্ত্রিসভার শপথ ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা, এড়িয়ে চলতে হবে মানিক মিয়া এভিনিউ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

এমপি ও মন্ত্রিসভার শপথ ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা, এড়িয়ে চলতে হবে মানিক মিয়া এভিনিউ

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনায় জানানো হয়, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

সাময়িক অসুবিধা কমাতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশন পরিকল্পনা দিয়েছে। এর মধ্যে মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করবে। ধানমন্ডি, আসাদগেট এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনের জন্যও পৃথক বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যানজট এড়াতে শপথ অনুষ্ঠান চলাকালে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি সকল যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর