রাজধানীতে গ্যাস সংকটে রান্না বন্ধ, ভোগান্তিতে নগরবাসী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়েছে। কোথাও একেবারেই গ্যাস সরবরাহ নেই, আবার কোথাও চাপ এত কম যে দীর্ঘ সময় চুলা জ্বালিয়ে রান্না করা সম্ভব হচ্ছে না।
দেশের একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকায় এলএনজি থেকে সরবরাহিত গ্যাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রভাব পড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকায়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহকের কাছে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, রোববারের মতো সোমবারও রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই চুলায় আগুন জ্বলছে না।
মিরপুরের বাসিন্দা নুজহাত আক্তার জাগো নিউজকে বলেন, “সকালে নাস্তা বানাতে পারিনি। বাচ্চাদের শুকনো খাবার দিয়ে স্কুলে পাঠাতে হয়েছে। দুপুরেও একই অবস্থা। এভাবে চললে খুব কষ্ট হয়ে যায়।”
মোহাম্মদপুরের বাসিন্দা ইশরাত বলেন, “গ্যাসের জন্য অপেক্ষা করেছি। চুলায় একেবারেই আগুন জ্বলছে না। বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, এতে খরচও বেড়ে যাচ্ছে।”
আজিমপুর এলাকার একজন হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, গ্যাসের চাপ না থাকায় ঠিকমতো রান্না করা যাচ্ছে না। ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন। এতে ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দিনগত রাত ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

