প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আটক ৬
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৪
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করায় ৫ নারী ও ১ পুরুষসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান করছিলেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাঁরা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা এসএসএফ বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন: ১. খোদা বক্স আক্তার (২৬), ২. খাদিজা বেগম (৪০), ৩. খাদিজা বেগম (৩৫), ৪. সাহেদা বেগম (৪৮), ৫. রিনা আক্তার (৪৮), ৬. মোহাম্মদ সিদ্দিক (৪০)।
ওসি রাকিবুল হাসান বলেন, আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এএস/

