Logo

রাজধানী

নিকুঞ্জে ডেসকো ভবনের টাইলস খসে পড়ে দুর্ঘটনার আতঙ্ক

Icon

জাহিদ ইকবাল

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০

নিকুঞ্জে ডেসকো ভবনের টাইলস খসে পড়ে দুর্ঘটনার আতঙ্ক

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) একটি সাবস্টেশন ভবনের পলেস্তারা ও টাইলস খসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় নিকুঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ডেসকোর বহুতল ভবনটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে বিকট শব্দে ভবনের ওপরের অংশ থেকে ভারী টাইলসের একটি বড় অংশ নিচের প্রধান সড়কে ধসে পড়ে। সে সময় মসজিদের ভেতরে শত শত মুসল্লি জুমার নামাজে ছিলেন। অল্পের জন্য কোনো প্রাণহানি না ঘটলেও সড়কে পার্ক করে রাখা একটি ব্যক্তিগত প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক এস এম ফজলে রাব্বি পল্লব নামাজ আদায়ের জন্য গাড়ি রেখে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, তার গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেটির ওপর ভবনের টাইলসের স্তূপ জমে আছে।

ঘটনাস্থলে দ্রুত শত শত উৎসুক জনতা ও মুসল্লি ভিড় করেন। উপস্থিতদের অনেকে বলেন, ওই মুহূর্তে সেখানে কেউ অবস্থান করলে প্রাণহানি অনিবার্য ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডেসকোর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবনে নির্মাণকাজে অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এ ধরনের ঘটনা ঘটছে। তাদের দাবি, এর আগেও ভবনটির দেয়াল থেকে ছোটখাটো অংশ খসে পড়ার নজির রয়েছে, যা ভবনের স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছে।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বিষয়টি তাৎক্ষণিকভাবে ডেসকো কর্তৃপক্ষকে অবহিত করলে তাকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষের এ উদাসীনতা স্থানীয়দের আরও ক্ষুব্ধ করে তোলে। এর প্রতিবাদে উপস্থিত জনতা ডেসকোর অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আজ শুধু একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু কাল যদি কোনো শিশুর বা পথচারীর মাথায় এ পাথর পড়ত, তবে সেই লাশের দায়ভার কে নিত?

স্থানীয়দের আশঙ্কা, জনবহুল এলাকায়, বিশেষ করে মসজিদের পাশে অবস্থিত এ ভবনটি দ্রুত মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নিকুঞ্জবাসীর দাবি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ভবনটির নির্মাণমান ও প্রকৌশলগত ত্রুটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর