Logo

রাজধানী

ঢামেকে প্রতারণা ও চুরির অভিযোগে আটক ২

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:১৪

ঢামেকে প্রতারণা ও চুরির অভিযোগে আটক ২

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় প্রতারণা ও চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযানে দায়িত্ব পালন করেন এপিসি মো. সুজাত মোল্লা ও আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন।

আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

আটক রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকায়। তার বাবার নাম মো. রুহুল আমিন। অন্যদিকে বেলাল মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকায়। তার বাবার নাম সাদেক মিয়া।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এ ধরনের তৎপরতা নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।

এমপিএ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর