Logo

রাজধানী

এফডিসি মোড়ে ঢাবির বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৪

এফডিসি মোড়ে ঢাবির বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।

এতে বাসে থাকা অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সংলগ্ন সড়কে বাসটি নামার সময় এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় ছয় শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’) এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

ওসি বলেন, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাতে ওসি মাহমুদুর রহমান বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন