মতবিনিময় সভায় বক্তারা
জলমহালে ইজারা বাতিল নয়, প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২০:২৮
ছবি: সংগৃহীত
সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়া নিয়ে মতবিনিময় সভা করেছে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসী নামের সংগঠন।
শনিবার (৪ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ সভা হয়। সরকারি জলমহালে মাছ চাষের চেয়ে প্রাকৃতিক মৎস্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে সভায় জলমহালে জেলেদের অধিকার নিশ্চিতে সংশ্লিষ্ট খসড়া আইনের অসামঞ্জস্য ও ঘাটতিগুলো তুলে ধরে সেগুলো সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
হাওয়ার অঞ্চলবাসীর প্রধান সমন্বয় ড. হালিম দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ওয়ার্ল্ড ফিস সেন্টারের মৎস্য বিজ্ঞানী ড. গোলাম মোস্তফা, মৎস্য বিজ্ঞানী ড. সৈয়দ আলী আজহার, অ্যাসোসিয়েশন ফর ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড ডেলেভপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক।
বক্তারা বলেন, সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়ায় মাছ চাষের ওপর জোর দেওয়া হলেও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের বিষয়ে কিছু উল্লেখ নেই। অথচ সরকারি জলমহালে প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধির জন্য সংরক্ষণ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি আইনে সরকারি জলমহালে শুধু ইজারা প্রথা বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও তা না করে ব্যবস্থাপনার প্রতি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া হাওরসহ সরকারি জলমহালে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিতের পাশাপাশি প্রাকৃকিত মৎস্য সম্পদ সংরক্ষণে জলমহালের পরিবেশ-প্রতিবেশ রক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক হাবিবুর রহমান রাজা, জাকিয়া শিশির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক যুগ্ম সচিব ডা. সৈয়দ ওমর খৈয়াম, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক মোকাম্মেল চৌধুরী মেনন, খালেদ সানোয়ার, কৃষিবিদ রফিকুল ইসলাম, পরিবেশকর্মী পূরবী হালদার প্রমুখ।
বাংলাদেশের খবর/আরইউ

