Logo

রাজধানী

রাজধানীতে অজ্ঞাত নারীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৩:০২

রাজধানীতে অজ্ঞাত নারীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত নারীর গলাকাটা মাথা ও বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বাকি অংশের সন্ধান মেলেনি। পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে ফেলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে গলাকাটা মাথা ও টুকরো দুটি হাত উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মাথা ও দুই হাত দেখে এটি একজন নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের বাকি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। পাশাপাশি মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ওসি জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

থানার উপপরিদর্শক (এসআই) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পরিচয় শনাক্তে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিত অংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ এখনো পাওয়া যায়নি।

এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকালে কয়েকজন পথচারী ময়লার স্তূপে শপিং ব্যাগ দেখতে পেয়ে থানায় জানান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন